অপতথ্য মোকাবিলায় কৌশলগত উদ্যোগ জরুরি: তথ্যমন্ত্রী

ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার ঠেকাতে কার্যকর কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের বিভ্রান্তিকর তথ্য থেকে সুরক্ষা দেওয়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে গণমাধ্যমের পরিবেশে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ইকোসিস্টেমের এই সময়ে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্যের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেওয়াও রাষ্ট্রের দায়িত্ব।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। গণমাধ্যম ও যোগাযোগ খাতে নেদারল্যান্ডসের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, অপতথ্য মোকাবিলায় কার্যকর ও বাস্তবসম্মত কৌশল প্রণয়ন সময়ের দাবি। এ ক্ষেত্রে নেদারল্যান্ডস কীভাবে কাজ করছে, সে বিষয়ে জানারও আগ্রহ প্রকাশ করেন তিনি।

জবাবে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে। বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন এবং বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সেই সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে। ভবিষ্যতেও এ সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করতে চায় নেদারল্যান্ডস।

রাষ্ট্রদূত আরও বলেন, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নীতিমালা ও কাঠামো প্রণয়ন প্রয়োজন। এ বিষয়ে নেদারল্যান্ডসের বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও তিনি তথ্যমন্ত্রীকে অবহিত করেন।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।