বাংলাদেশে তিন মাসে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

বাংলাদেশে চলতি বছরের প্রথম তিন মাসে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। প্ল্যাটফর্মটির প্রকাশিত সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে উঠে এসেছে, অধিকাংশ ভিডিওই ব্যবহারকারীদের অভিযোগের আগেই শনাক্ত করে অপসারণ করা হয়েছে।

বুধবার প্রকাশিত টিকটকের ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে মোট ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও সরানো হয়েছে, যা ওই সময়ে প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৮ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, অপসারণ করা ভিডিওগুলোর ৯৯.৬ শতাংশই ব্যবহারকারীদের কোনো অভিযোগ পাওয়ার আগেই সরিয়ে ফেলা হয়। এর মধ্যে ৯৪.৪ শতাংশ ভিডিও পোস্ট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হয়েছে। তবে পরবর্তী পর্যালোচনায় ৩ লাখ ২০ হাজার ৫৯৩টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে।

বিশ্বব্যাপী একই সময়ে টিকটক ১৮ কোটি ৪০ লাখ ১২ হাজার ৫৭৬টি ভিডিও সরিয়েছে, যা মোট আপলোড হওয়া কনটেন্টের প্রায় ০.৫ শতাংশ। এর মধ্যে ১৭ কোটি ৮০ লাখ ১৪ হাজার ১৫৪টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে অপসারণ করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ৮৮ লাখ ৩৮ হাজার ৭১০টি ভিডিও পুনর্বহাল করা হয়েছে।

টিকটকের তথ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মডারেশন প্রযুক্তির মাধ্যমে অধিকাংশ নীতিমালাবহির্ভূত কনটেন্ট ভিউ পাওয়ার আগেই শনাক্ত ও অপসারণ করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে আপত্তিকর মন্তব্য নিয়ন্ত্রণেও কার্যক্রম জোরদার করা হয়েছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বিশ্বজুড়ে ২৩ কোটি ৭৫ লাখ ১৭ হাজার ১২৮টি মন্তব্য সরানো হয়েছে, যা আগের প্রান্তিকের তুলনায় বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ সময় কনটেন্ট অপসারণের সক্রিয় হার ছিল ৯৯.৩ শতাংশ এবং শনাক্ত হওয়া কনটেন্টের ৯৪.৪ শতাংশ পোস্ট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সরিয়ে ফেলা হয়েছে।

প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করতে একই সময়ে বিশ্বজুড়ে ৮ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৭০৫টি ভুয়া অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীর সন্দেহে আরও ২ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ৩৭২টি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।

অপসারণ করা ভিডিওগুলোর মধ্যে ১৮.৬ শতাংশ সংবেদনশীল বিষয়বস্তু, ১৬.৫ শতাংশ ঝুঁকিপূর্ণ কার্যকলাপ ও চ্যালেঞ্জ, ১২.৯ শতাংশ অশালীন আচরণ এবং ১২.৬ শতাংশ নিরাপত্তা ও সামাজিক আচরণবিষয়ক নীতিমালা লঙ্ঘনের কারণে সরানো হয়েছে। এছাড়া ২.১ শতাংশ ভিডিও সম্পাদিত (এডিটেড) মিডিয়া ও এআই-নির্ভর কনটেন্ট হিসেবে শনাক্ত করে অপসারণ করা হয়েছে।

টিকটক জানিয়েছে, প্ল্যাটফর্মে কনটেন্ট ও অ্যাকাউন্ট-সংক্রান্ত পদক্ষেপ সম্পর্কে ব্যবহারকারীদের স্বচ্ছ ধারণা দিতে নিয়মিত কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করা হয়। ২০২৬ সালের প্রথম প্রান্তিকের পূর্ণাঙ্গ প্রতিবেদন টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টারে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রকাশ করা হয়েছে।