ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও পরে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার শিশুকন্যা আয়েশা আক্তারকে অগ্নিসংযোগে হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। একই সঙ্গে দেশজুড়ে চলমান ‘মব সন্ত্রাসের’ বিচার দাবি করেছে সংগঠনটি।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘উই ওয়ান্ট, উই ওয়ান্ট; জাস্টিস, জাস্টিস’, ‘দিপু দাস পুড়ে মরে, প্রশাসন কী করে’, ‘মব সন্ত্রাসের ঠিকানা, এই বাংলায় হবে না’—এমন নানা স্লোগান দেন।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম—যে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই নির্বিঘ্নে ধর্ম পালন করবে, মতাদর্শ চর্চা করবে এবং নিজ নিজ কর্মস্থল থেকে দেশকে এগিয়ে নেবে—সে বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি।”
তিনি অভিযোগ করেন, “একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে গুজব, উসকানি ও মব সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
গণেশ চন্দ্র রায় সাহস আরও বলেন, “গতকাল আমাদের সহযোদ্ধা ওসমান হাদির দাফনস্থল নিয়েও কীভাবে গুজব ছড়ানো হয়েছিল, তা আমরা দেখেছি। সচেতন ছাত্রসমাজ ও জনগণ সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। এই গুজব থেকেই ধীরে ধীরে মব তৈরি হয়।”
এ সময় আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, “আজকের মধ্যেই ওসমান হাদির হত্যাকারীরা কারা, তারা কোথায় রয়েছে এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—তা জাতির সামনে প্রকাশ করতে হবে।”
রাকিবুল ইসলাম রাকিব বলেন, “গত দেড় বছরের বেশি সময় ধরে দেশে যে মবতন্ত্র ও বিশৃঙ্খলা চলছে, ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোপাগান্ডা, বট বাহিনী এবং ধর্মের অপব্যবহার করে রাজনীতি করছে।”
তিনি আরও বলেন, “এই অপশক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে কোনো নিরপরাধ পোশাকশ্রমিক দিপু দাস কিংবা সাত বছরের শিশু আয়েশা আক্তারকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে—এমন বাংলাদেশ আমরা চাইনি।”
রাকিব বলেন, “আমরা এই অমানবিক, বিকৃত ও দ্বিচারী মানসিকতার তীব্র ধিক্কার জানাই। এরা মানবিক নয়, এদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। এই অপশক্তি একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় ‘পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড’ কারখানার ২৮ বছর বয়সী শ্রমিক দিপু দাসকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়।
অন্যদিকে, শুক্রবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনসা গ্রামে স্থানীয় বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরের দরজায় তালা লাগিয়ে চারপাশে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়। এতে তার সাত বছর বয়সী কন্যা আয়েশা আক্তার ঘটনাস্থলেই মারা যায়। আগুনে দগ্ধ হন বেলাল হোসেনসহ তার অপর দুই কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার।
