জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র আলোচনা

বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সহযোগিতা সম্প্রসারণে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (১০ জুন) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে জ্বালানি খাতে সহযোগিতা জোরদার, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিগত অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির নবনিযুক্ত আন্ডার সেক্রেটারি অব এনার্জি মিনিস্টার কাইল হাউসভিট।

বৃহস্পতিবার (১১ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক জ্বালানি প্রযুক্তি বিনিময় নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।

বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।

জ্বালানি খাতে সম্ভাব্য বিনিয়োগ ও সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি বাংলাদেশি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছে।