নারী যাত্রীদের গণপরিবহন ব্যবহারে ভোগান্তি কমাতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরের ১৪টি রুটে ই-টিকিটিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এসব রুটে নারীদের জন্য পরিচালিত বাসগুলোতে ডিজিটাল টিকিটিং সেবা দেবে সহজডটকম।
এ লক্ষ্যে সম্প্রতি বিআরটিসি ও সহজডটকমের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। চুক্তির আওতায় তিন শহরের ১৪টি রুট পরিচালনার দায়িত্বে থাকা ১০টি ডিপোর ব্যবস্থাপকরাও পৃথক চুক্তিতে সই করেছেন।
বিআরটিসি জানিয়েছে, ই-টিকিটিং চালু হলে নারী যাত্রীদের টিকিট সংগ্রহের ক্ষেত্রে অপেক্ষার সময় ও ভোগান্তি কমবে। একই সঙ্গে টিকিট বিক্রির ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বাড়বে বলে আশা করা হচ্ছে।
সহজডটকমের পরিচালক শাকিল জোয়াদ রহিম বলেন, গণপরিবহন খাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ই-টিকিটিংয়ের ফলে যাত্রীদের টিকিট সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, ডিজিটাল পদ্ধতিতে টিকিট সংগ্রহের সুযোগ চালু হলে যাত্রীদের অপেক্ষার সময় কমবে। পাশাপাশি গণপরিবহন সেবার প্রতি তাদের আস্থাও বাড়বে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর পর্যায়ক্রমে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরের ১৪টি রুটে চলাচলকারী নারী যাত্রীরা ই-টিকিটিং সুবিধা ব্যবহার করতে পারবেন।
নতুন এই ব্যবস্থার মাধ্যমে নারী যাত্রীদের জন্য গণপরিবহন সেবাকে আরও সহজ, সময়সাশ্রয়ী ও যাত্রীবান্ধব করার পাশাপাশি টিকিটিং ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহারও বাড়বে।
