দেশের গ্যাসের ঘাটতি মোকাবিলায় সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) আট কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে নদী খনন ও ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য ট্যাব কেনাসহ আরও তিনটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (১২ আগস্ট) কমিটির ২৫তম সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিষয়ে সংশ্লিষ্টরা তথ্য জানান।
সভায় এলএনজি আমদানির তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়। মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবে দেশে তৈরি হওয়া গ্যাসের জরুরি চাহিদা পূরণে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এসব প্রস্তাব উত্থাপন করা হয়।
অনুমোদন অনুযায়ী, হংকংয়ের ঝেনইউ শিপিং থেকে দুই কার্গো, মালয়েশিয়ার পেট্রোনাস থেকে দুই কার্গো, চীনের চায়না রুনজে হোল্ডিংস থেকে দুই কার্গো এবং যুক্তরাষ্ট্রের দারাব ইনকর্পোরেটেড থেকে দুই কার্গো এলএনজি আমদানি করা হবে।
এলএনজিগুলো সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানি করা হবে। জরুরি ভিত্তিতে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি প্রস্তাবও অনুমোদন করেছে কমিটি।
‘নদী প্রবাহ পুনরুদ্ধার, নৌ-পথের উন্নয়ন ও বন্যা ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় জিনাই, সুতিয়া ও কাঁচামাটিয়া নদী খনন এবং সংশ্লিষ্ট আনুষঙ্গিক কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ‘এসএসপিরিট’ প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য অ্যানড্রয়েড ট্যাব কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে।
সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের অংশ হিসেবে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব ট্যাব কেনা হবে। এ প্রস্তাবটিও নীতিগতভাবে অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
