ঢাবির ছাত্রী হলের গেট বন্ধের সময় বাড়ল, রাত ১১টা পর্যন্ত প্রবেশের সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি ছাত্রী হলের গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাত ১১টা পর্যন্ত ছাত্রীদের হলে প্রবেশের সুযোগ থাকবে। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

উপ-উপাচার্য অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, নারী শিক্ষার্থীদের হলে প্রবেশের নির্ধারিত সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত ১১টা করা হয়েছে। তাদের বিভিন্ন সমস্যা নিরসনে পাশাপাশি একটি কমিটিও গঠন করা হয়েছে।

কমিটিতে উপ-উপাচার্য অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলের প্রাধ্যক্ষদের কমিটির সদস্য করা হয়েছে।

এদিকে, গত এক মাস ধরে আবাসিক হলের প্রবেশের সময়সীমা নিয়ে আন্দোলন করে আসছেন একাধিক প্ল্যাটফর্মের শিক্ষার্থীরা। ‘অবরোধবাসিনী’সহ তিনটি পৃথক প্ল্যাটফর্ম তিন দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে। তাদের দাবির মধ্যে ছাত্রীদের আবাসিক হলগুলোতে ২৪ ঘণ্টা প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়টিও রয়েছে।

জুলাইয়ের শেষ সপ্তাহে শুরু হওয়া এই আন্দোলনের মধ্যে হলের গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় প্রস্তাবটি তোলা হলেও আন্দোলনরত শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।

এরপরও দাবিগুলো বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে যান তারা। সোমবার সিন্ডিকেট সভা চলার সময়ও তিনটি প্ল্যাটফর্মের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। হলের প্রবেশের ক্ষেত্রে প্রস্তাবিত বিধিনিষেধ পরিবর্তনের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।

সিন্ডিকেটের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ছাত্রী হলের গেট রাত ১১টায় বন্ধ হবে। তবে শিক্ষার্থীদের একটি অংশ এখনো ২৪ ঘণ্টা হলে প্রবেশের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছেন।