বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, লিটার ২০৪ টাকা

  • নিজস্ব প্রতিবেদক

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। তবে খোলা সয়াবিন তেল ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে ভোজ্যতেলের দাম নিয়ে বৈঠক শেষে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্য সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তেলের দাম সমন্বয় করা হয়েছে। আমদানিকারকরা আরও বেশি দাম বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ ছিল প্রতি লিটারে ১০ টাকা বাড়ানোর।

সরকার শেষ পর্যন্ত বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করেছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল ১৮০ টাকা এবং পাম তেলের আগের দামই বহাল থাকছে।

এর আগে গত ২৯ এপ্রিল বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ৫ লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয় ৯৭৫ টাকা। একই সময়ে খোলা সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে লিটারপ্রতি ১৮০ টাকা করা হয়।

বাণিজ্য সচিব জানান, বর্তমানে দেশের বাজারে ভোজ্যতেলের কোনো সংকট নেই। বাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক দামের পরিবর্তন বিবেচনা করেই এবার মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রমজানের আগে আবারও ভোজ্যতেলের দাম বাড়ানো হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, সে সময়কার বাজার পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি নতুন বেতন কাঠামো অনুমোদন এবং চিনির দাম বাড়ার পর ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, এর কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

এর আগে কয়েক দফা দাম বাড়ে

গত বছরের ১৪ অক্টোবর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছিল। একই সময়ে খোলা পাম তেলের দাম লিটারে ১৩ টাকা বাড়ানোর কথাও জানানো হয়।

ওই সময় বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৬৮ টাকা থেকে বেড়ে ১৭৬ টাকা হয়। ৫ লিটারের বোতলের দাম ২৫ টাকা বাড়িয়ে ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর খোলা পাম তেলের দাম দাঁড়িয়েছিল লিটারপ্রতি ১৬৩ টাকা।

পরবর্তীতে আন্তর্জাতিক বাজার, আমদানি ব্যয় ও সরবরাহ পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে কয়েক দফায় ভোজ্যতেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে অপরিশোধিত ভোজ্যতেল আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হলে দেশের বাজারে তেলের দাম নিয়ে চাপ বাড়ে। তবে গত ১২ এপ্রিল বাণিজ্যমন্ত্রী বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে জানিয়ে ভোক্তাদের অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এবার নতুন সিদ্ধান্তের ফলে বোতলজাত সয়াবিন তেলের দাম আরও ৫ টাকা বেড়ে লিটারপ্রতি ২০৪ টাকায় দাঁড়াল।