কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে তিনজন নিহত এবং কমপক্ষে ছয়জন গুরুতর আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানা গ্রামে ১৬ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ ঘটে বলে জানিয়েছেন নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা।
সংঘর্ষে নিহতরা হলেন— ওই গ্রামের মানিক উল্লাহর ছেলে এরশাদুল হক (৪২), খাদেম হোসেনের স্ত্রী কুলছুম বেগম (৫০) এবং জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫৫)।
গুরুতর আহত হয়েছেন একই গ্রামের পনির উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (২৫), মর্জিনা বেগম (৪২), আজিজার রহমান (৪০), পারুল বেগম (৩২), মোফাজ্জল হোসেন (২৪) এবং এরশাদের স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৩৫)।
ওসি রেজাউল করিম রেজা জানান, ছিলাখানায় প্রায় এক বছর আগে যৌথভাবে ১৬ শতক জমি কিনেছিলেন চাচাত–জ্যেঠাত চার ভাই— বছির উদ্দিনের ছেলে মানিক উল্লাহ ও নূর মোহাম্মদ, এবং জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন ও আজিজার রহমান। পরে জমিটি মানিক ও নূর মোহাম্মদ দখলে নিলে তাদের মধ্যে বিরোধ বাড়তে থাকে। স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
সবশেষ রোববার সকালে আলতাফ ও আজিজার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিটির দখল নিতে গেলে মানিক ও নূর মোহাম্মদ বাধা দেন। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যান এরশাদুল হক ও কুলছুম বেগম। পরে হাসপাতালে নেওয়ার পথে আলতাফ হোসেনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে সংকটাপন্ন চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা দায়ের করেনি।
