- নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক শিক্ষক ও এক অফিস সহকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানান। অব্যাহতি পাওয়া দুজন হলেন বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক জুয়েল তালুকদার এবং অফিস সহকারী মো. সুমন।
বিদ্যালয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত বিভিন্ন সময়ে এবং সম্প্রতি সহকারী শিক্ষক জুয়েল তালুকদারের ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। একই পোস্ট শেয়ার করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ রয়েছে অফিস সহকারী সুমনের বিরুদ্ধে।
বুধবার ও বৃহস্পতিবার সকালে কয়েকজন ব্যক্তি, স্থানীয় বিএনপির নেতা-কর্মী এবং সংবাদকর্মীরা এসব পোস্টের তথ্য-প্রমাণসহ ইউএনওর কাছে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি প্রাথমিকভাবে যাচাই করে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করা হয়। পরে জুয়েল তালুকদারকে শ্রেণি কার্যক্রম থেকে এবং সুমনকে দাপ্তরিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল হাই। কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. শাহ আলম বলেন, বিদ্যালয়ের পক্ষ থেকেও অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সহকারী শিক্ষক জুয়েল তালুকদার ও অফিস সহকারী সুমনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
ইউএনও কে এম ইশমাম বলেন, অভিযোগের সত্যতা তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট দুজনের বিরুদ্ধে বিধি অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
