- নিজস্ব প্রতিবেদক
আবাসস্থল পরিবর্তনের কারণে এক এলাকা থেকে অন্য এলাকায় ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠিতে আগের নিয়মে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই এবং তা নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদনগুলো ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য গত ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে মাঠপর্যায়ে এ কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
এর ফলে আবাসস্থল পরিবর্তনের কারণে যেসব ভোটার অন্য এলাকায় স্থানান্তর হতে চান, তারা সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়ে নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন।
