হাদিকে গুলি: নারায়ণগঞ্জ থেকে আরেক সন্দেহভাজন গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় এক সন্দেহভাজনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে ব়্যাব-১১।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে তাকে ডিএমপির গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সংস্থাটির লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

গ্রেপ্তার ব্যক্তির নাম কবির ওরফে দাঁতভাঙ্গা কবির (৩০)। সে পটুয়াখালী জেলার প্রয়াত মোজাফফরের ছেলে। তবে বসবাস করেন রাজধানীর আদাবরে।

হাদিকে গুলির ঘটনার পর সে ফতুল্লার বক্তাবলী এলাকায় ‘আত্মগোপনে’ ছিলেন বলে জানান ব়্যাব কর্মকর্তা নাঈম। তিনি বলেন, “ভোর পাঁচটার দিকে বক্তাবলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে টানা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে ডিবিতে হস্তান্তর করা হয়।”

গ্রেপ্তার কবির এ হত্যাচেষ্টা মামলার একমাত্র আসামি ফয়সল করিমের ‘ঘনিষ্ঠ সহযোগী’ বলে দাবী এ ব়্যাব কর্মকর্তার।

এর আগে ফয়সল করিম, তার স্ত্রী ও বান্ধবীও ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হন।