ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট (ক-ইউনিট) এর ভর্তি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সহকারী পরিচালক ও সহকারী সচিব পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ইউজিসির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে ১৫টি পদের বিপরীতে মোট ৭ হাজার ৩৫১ জন প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়। ইউজিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিয়োগ পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক শামসুল আরেফিন শুক্রবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষাটি স্থগিতের বিষয়টি জানান। এ বিষয়ে ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. ইমরান হোসেন পরীক্ষা স্থগিতের তথ্য নিশ্চিত করে বলেন, বুয়েট ক্যাম্পাসে বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এই পরীক্ষায় ১৫টি পদের বিপরীতে ৭ হাজার ৩৫১ জন চাকরিপ্রার্থী অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “সাহসী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদী এবং ২৪-এর গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল জুলাই যোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে ২০ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠেয় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ক-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
