জকসু নির্বাচনের নতুন তারিখ চূড়ান্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী এই তারিখ নির্ধারিত হয়েছে।

গত ৩০ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খালেদা জিয়ার মৃত্যুর কারণে গত ৩০ ডিসেম্বরের নির্ধারিত নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১০৭তম জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এরপর একই দিন সিন্ডিকেটের ১০৮তম জরুরি সভায় নির্বাচনের নতুন তারিখ পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত সভার সিদ্ধান্ত অনুসারে আগামী ৬ জানুয়ারি ২০২৬ তারিখে জকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত ও বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে আগামী ৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।