দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার সকালে দলের পক্ষ থেকে তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানোর পর এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এভারকেয়ার হাসপাতালে ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার থেকে সাত দিনব্যাপী শোক পালন করবে বিএনপি। শোকের সময়ে দলের সকল কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং সর্বস্তরের নেতাকর্মীরা সাতদিন কালো ব্যাজ পরিধান করবেন।
তিনি জানান, গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়, নয়াপল্টনের দলের প্রধান কার্যালয়সহ সব জেলা-উপজেলায় শোক উপলক্ষে দোয়া ও কোরআন খতম কর্মসূচি পালন করা হবে। গুলশানের চেয়ারপারসনের কার্যালয় ও নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শোকবই খোলা হবে, যেখানে শোক ও সমবেদনা জানানো যাবে।
রিজভী বলেন, জানাজা ও দাফনের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। এগুলো প্রাথমিকভাবে নেওয়া কর্মসূচি এবং পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে। এই কর্মসূচি ঘোষণার আগে খালেদা জিয়ার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু হয়।
