জকসু নির্বাচনে ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্থার অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের দিন শিবির-সমর্থিত প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থীর স্ত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তাকে উত্যক্ত করার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়, তবে পরে পুলিশ তাকে ছেড়ে দেয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগী মাহিমা আক্তার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাহিমা আক্তার ক্যাম্পাসের বাইরে অবস্থানকালে হিজাব পরিহিত অবস্থায় শাখা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী তার পরিচয় জানতে চান এবং নিকাব ও মাস্ক খুলতে বলেন। এ নিয়ে বাগ্বিতণ্ডা তৈরি হলে তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলেও কিছুক্ষণ পর পুলিশ তাকে মুক্তি দেয়।

ঘটনাস্থলে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দীন বাসিত, জবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম ও বর্তমান সদস্যসচিব সামছুল আরেফিনসহ কয়েক নেতার উপস্থিতির অভিযোগ রয়েছে। তারা পুলিশের কাভার্ড ভ্যানের সামনে অবস্থান নেন বলেও অভিযোগ করা হয়েছে।

মাহিমা আক্তার বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের বাইরে এক আত্মীয়ের সঙ্গে অবস্থান করছিলেন। তখন ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী এসে তাকে হেনস্থা করেন এবং হিজাব ও মাস্ক খুলতে বলেন, যা তাকে মানসিকভাবে বিব্রত করেছে।

ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, মাহিমা আক্তার তার স্ত্রী এবং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তিনি ক্যাম্পাসের বাইরে প্যানেলের পক্ষে কাজ করছিলেন। সকাল থেকেই গেটের বাইরে ছাত্রদলের নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি চলছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সহায়তায় তা নিয়ন্ত্রণে আসে। এভাবে ‘মব’ সৃষ্টি করে কাউকে হেনস্থা করা কোনোভাবেই কাম্য নয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, বিষয়টি তার নজরে আসার পর তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে পরিস্থিতি সমাধান করা হয়েছে।