জকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ৯টায় ভোটগ্রহণ কার্যক্রমের সূচনা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও উৎসাহ দেখা গেছে।

ক্যাম্পাসে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে। প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিচয় যাচাইয়ের পর শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে প্রবেশ করছেন। শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে।

ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ভোট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ১৯০ জন।

নির্বাচনের জন্য ক্যাম্পাসে ৩৯টি ভোটকেন্দ্র ও ১৭৮টি বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং হল সংসদের জন্য একটি আলাদা কেন্দ্র রয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে অবস্থান করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক দল মোতায়েন করা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করছেন এবং সমর্থন কামনা করছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ভোটগ্রহণ সকাল ৯টা থেকে শুরু হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে শেষ করতে সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এসব ব্যবস্থা কার্যকর থাকবে।