নাসুমের ক্যারিয়ার সেরা বোলিংয়ে সিলেটের জয়

বল হাতে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং পরিসংখ্যান গড়েন সিলেট স্ট্রাইকার্সের বোলার নাসুম আহমেদ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৪ রানের সূচনা করেন নোয়াখালী টাইগার্সের দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও সৌম্য সরকার। ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে সৌম্যকে শিকার করে জুটি ভাঙেন নাসুম। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় নোয়াখালী। শেষ পর্যন্ত ১৪.২ ওভারে ৬১ রানে অলআউট হয় তারা। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এই প্রথম কোন দল ১০০ রানের নিচে গুটিয়ে যায়।

দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান। নাসুম আহমেদ ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। তার ১৪৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে ৫ উইকেটের দেখা পেলেন তিনি। এবারের বিপিএলে এখন পর্যন্ত এটি সেরা বোলিং ফিগার। বিপিএলের ইতিহাসে বাংলাদেশি বোলার হিসেবে স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগারের রেকর্ডও গড়েন নাসুম।

জবাবে ৪ উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি সিলেট স্ট্রাইকার্সের। ওপেনার তৌফিক খানের ১৮ বলে ৩২ এবং জাকির হাসানের ২৪ রানের সুবাদে ৬৮ বল বাকি থাকতে সহজ জয় পায় সিলেট। নোয়াখালী টাইগার্সের পক্ষে জহির খান ৮ রানে ৩ উইকেট নেন। ম্যাচসেরা হন সিলেটের নাসুম আহমেদ।

এই জয়ে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। অপরদিকে ৪ ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি নোয়াখালী টাইগার্স।