দেশের সিনিয়র সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে অবসর ভাতা চালুর প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার—এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই গুরুত্বপূর্ণ বিষয়টি বাস্তবায়নে এখন কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী জানান, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমকে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করা হলেও এ খাতের কর্মীরা অনেক ক্ষেত্রেই প্রাতিষ্ঠানিক নিরাপত্তা থেকে বঞ্চিত থাকেন। বিশেষ করে জীবনের শেষ পর্যায়ে এসে বহু প্রবীণ সাংবাদিক আর্থিক সংকটে পড়েন, যা অত্যন্ত দুঃখজনক। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকার তাদের জন্য অবসর ভাতার ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিকতা পেশাটি যেমন দায়িত্বপূর্ণ, তেমনি সম্মানজনক। অথচ অনেক ক্ষেত্রে এই পেশার মানুষরা বার্ধক্যে এসে প্রয়োজনীয় আর্থিক সহায়তা পান না। সরকার চায়, প্রবীণ সাংবাদিকরা যেন মর্যাদা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে জীবনযাপন করতে পারেন—এ লক্ষ্যেই পরিকল্পনা নেওয়া হচ্ছে।
জহির উদ্দিন স্বপন উল্লেখ করেন, গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখার পাশাপাশি এর জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার নীতিমালা প্রণয়নের কাজ করছে। একইসঙ্গে সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আরও সক্রিয় ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রয়োজনে দ্রুত সহায়তা দেওয়া যায়।
তিনি বলেন, দেশের মেধাবী ও অভিজ্ঞ পেশাজীবীদের ধরে রাখতে রাষ্ট্রের সহায়তা অপরিহার্য। সাংবাদিকদের মতো গুরুত্বপূর্ণ পেশার মানুষের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।
পরিদর্শনকালে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন তথ্যমন্ত্রী।
এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল এবং ট্রাস্টি বোর্ডের সদস্য খোন্দকার কাওছার হোসেন উপস্থিত ছিলেন।
