গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত রাজপথেই মোকাবিলা করা হবে: পানি সম্পদমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র ধ্বংস করতে বিরোধী পক্ষের একটি অংশ নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, গণতন্ত্রবিরোধী যেকোনো অপশক্তিকে রাজপথেই মোকাবিলা করা হবে।

শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদা খালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানি সম্পদমন্ত্রী বলেন, বিরোধী দল যে ভাষায় কথা বলছে, তাদের বক্তব্য অনুযায়ী সেটিই নাকি গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু দেশের মানুষ তাদের সেই অবস্থান গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও করবে না।

তিনি বলেন, বিরোধী পক্ষ নিজেরাই বলছে, তাদের দাবি মেনে না নিলে বোমাবাজি ও ককটেলবাজি বন্ধ হবে না। এমন পরিস্থিতিতে গণতন্ত্র ধ্বংসের চক্রান্তে জড়িত অপশক্তিকে রাজপথেই মোকাবিলা করা হবে।

মন্ত্রী আরও বলেন, যারা ৫ তারিখে পালিয়ে গেছে, তাদের একটি অংশ বাইরে বসে ককটেল হামলা, গাড়িতে আগুন দেওয়া এবং ঝটিকা মিছিলের নেতৃত্ব দিচ্ছে। বর্তমান বিরোধী দলের বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে এসব কর্মকাণ্ডের মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশ, গণতন্ত্র ও তারেক রহমানের সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। রাজপথ থেকে আন্দোলন করতে করতে আজকের অবস্থানে আসা হয়েছে। অতীতেও রাজপথে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হয়েছে, ভবিষ্যতেও অপশক্তিকে মোকাবিলা করা হবে।

সংসদ ও রাজপথে বিরোধী দলের দ্বৈত নীতির সমালোচনা করে তিনি বলেন, নতুন সরকারের শপথ গ্রহণের দিন বিরোধী দল উপস্থিত ছিল না। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু তাদের কর্মকাণ্ডে ১৯৮৬ ও ১৯৯৬ সালের মতো ফ্যাসিবাদী কায়দায় সখ্য গড়ে ওঠার অভিযোগ দেখা যাচ্ছে।

আগামী পাঁচ বছর বর্তমান সরকারকে সঠিকভাবে কাজ করতে না দেওয়ার মানসিকতা বিরোধী দলের মধ্যে প্রথম দিন থেকেই স্পষ্ট বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, বিরোধী দল সংসদের ভেতরে অনেক সুন্দর বক্তব্য দেয়। এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীও বরাদ্দ বাড়িয়ে দেন। কিন্তু সংসদের বাইরে গিয়ে তাদের কর্মকাণ্ড সম্পূর্ণ ভিন্ন রূপ নেয়। বাইরে গিয়ে তারা অশালীন ও অসভ্য ভাষায় কথা বলে, যা কোনো সভ্য সমাজ বা পরিবারের মধ্যে আলোচনার উপযোগী নয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড ফেনী সার্কেলের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপি এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় নেতাকর্মীরা।