জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। নির্বাচন কমিশন এখন পর্যন্ত মোট ১৮টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। প্রকাশিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব এবং ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলামের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। এই পদে দুই প্রার্থীর ভোটের ব্যবধান মাত্র ২৫।
১৮টি কেন্দ্রের সমন্বিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে একেএম রাকিব পেয়েছেন মোট ২ হাজার ১৫৪ ভোট। অপরদিকে রিয়াজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ১২৯ ভোট।
বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে একসাথে চার বিভাগের ফল গণনার পর এ ফলাফল ঘোষণা করা হয়।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। তিনি এখন পর্যন্ত পেয়েছেন ২ হাজার ৩৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৩০ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদেও এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা। তিনি পেয়েছেন ২ হাজার ৮৮ ভোট। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী তানজিলের প্রাপ্ত ভোট ১ হাজার ৮১৯।
সর্বশেষ ঘোষিত ১৮তম কেন্দ্র পরিসংখ্যান বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম ১৯০ ভোট এবং একেএম রাকিব ৯৪ ভোট পেয়েছেন। একই কেন্দ্রে জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৮৭ ভোট এবং খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫৬ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১৭৬ ভোট, আর তানজিল পেয়েছেন ৯১ ভোট।
নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ জানান, কেন্দ্রীয় সংসদের ২০টি কেন্দ্রের এবং হল সংসদের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। সবগুলো কেন্দ্রের ফলাফলের পর চূড়ান্তভাবে কেন্দ্রীয় ও হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে।
