জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সংগীত বিভাগ কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের দুই প্রার্থী কোনো ভোট না পাওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচনের ভোট গণনা শেষে সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত প্রার্থীরা শূন্য ভোট পান।
বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে নির্বাচন কমিশনার কানিজ ফাতেমা কাকলি এই ফলাফল ঘোষণা করেন।
সংগীত বিভাগ কেন্দ্রের ঘোষিত ফলাফলে দেখা গেছে, সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব ১২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মাত্র ৪ ভোট।
একই বিভাগের সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা ৪৮ ভোট পেয়েছেন। বিপরীতে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ শূন্য ভোট পান। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী তানজিল ১০৮ ভোট পেয়েছেন, আর শিবিরের প্রার্থী মাসুদ রানা শূন্য ভোট পেয়েছেন।
জকসু নির্বাচনের এই কেন্দ্রে ছাত্রশিবিরের জিএস ও এজিএস পদে প্রার্থীদের ভোট না পাওয়ায় একটি অস্বাভাবিক ফলাফল হিসেবে দেখা হচ্ছে।
