জকসু নির্বাচনের আপডেট: ১৩ কেন্দ্রের ফলাফলে ভিপিতে ছাত্রদল, জিএস-এজিএসে শিবিরের এগিয়ে 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলমান অবস্থায় মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। ফলাফলগুলো থেকে দেখা যাচ্ছে, সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব এগিয়ে আছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে এই ফলাফল ঘোষণা করা হয়।

প্রকাশিত ১৩টি কেন্দ্রের সমন্বিত ফলাফল অনুসারে, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ১ হাজার ৩৫৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১ হাজার ৪৫৭ ভোট।

জিএস পদে শিবির–সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১ হাজার ৪৪৪ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭২৪ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন মোট ১ হাজার ৩৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ১৯৯ ভোট।

সর্বশেষ ঘোষিত ১২তম ও ১৩তম কেন্দ্রের ফলাফলেও শিবির–সমর্থিত প্রার্থীদের শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। প্রাণীবিদ্যা বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম ও একেএম রাকিব সমান ১২৮ ভোট করে পান। তবে একই কেন্দ্রে জিএস পদে আব্দুল আলিম আরিফ ১৫৪ ভোট পেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকেন, খাদিজাতুল কুবরা পান ৬৮ ভোট। এজিএস পদে মাসুদ রানা ১৩১ ভোট এবং তানজিল ১০৮ ভোট পান।

মার্কেটিং বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম ২০০ ভোট পেয়ে এগিয়ে থাকেন, একেএম রাকিব পান ১৮৭ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ ২১৪ ভোট এবং খাদিজাতুল কুবরা ৮৬ ভোট পান। এজিএস পদে মাসুদ রানা ১৯৫ ভোট পেয়ে এগিয়ে থাকেন, তানজিল পান ১৫৩ ভোট।

হল সংসদসহ বাকি আরও ২৬টি কেন্দ্রের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। পর্যায়ক্রমে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হবে।