সাইবার ট্রাইব্যুনালে ধর্মীয় বিদ্বেষ ও মানহানির মামলা

এআইয়ের মাধ্যমে সম্পাদন করে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ও রাজনীতিকদের নিয়ে ধর্মীয় বিদ্বেষ প্রচারের অভিযোগ এনে সাতটি ফেইসবুক পেইজের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ছাত্রদলের এক নেত্রী।

সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালতে মামলার আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রদলের সদস্য জান্নাতুল ফেরদাউস জুঁই।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।

যেসব পেইজের বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেগুলো হচ্ছে—ফাইট অ্যাগেনেস্ট হিন্দুতভা (ব্যাকআপ), ফাইট অ্যাগেনেস্ট হিন্দুতভা-অফিসিয়াল, এফএএইচ এক্সক্লুসিভ, ওসমান চাই চাঁদ, এসবি বিল্লাল হাসানাত অনু, রিয়াশাত ফারহান হোসেন ও হারুল হক।

এজাহারে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে আসামিরা যোগসাজশ করে জুঁই ও তার পরিচিত তাওহীদা সুলতানাকে অনলাইন কর্মকাণ্ড থেকে সরাতে তাদের ফেইসবুক আইডিতে মানহানিকর, কুরুচিপূর্ণ, মিথ্যা ও অসত্য মন্তব্য করে আসছে। তারা মিথ্যা ও অশালীন মন্তব্য করার পাশাপাশি ধর্মীয় বিদ্বেষ ও ঘৃণামূলক বক্তব্য প্রচার ও প্রকাশ করে।

গত ২৩ ডিসেম্বর মামলার বাদী ও এক সাক্ষীকে নিয়ে মিথ্যা ও অশালীন মন্তব্য করার পাশাপাশি ধর্মীয় বিদ্বেষ ও অশালীন মন্তব্য করে। আসামিরা একজোট হয়ে বিভিন্ন সময় বিভিন্ন নামে ‘বট আইডি’ খুলে মামলার বাদী ও সাক্ষীদের নামে মানহানিকর, কুরুচিপূর্ণ, মিথ্যা ও অসত্য মন্তব্য প্রচার ও প্রকাশ করে আসছে।

আসামিদের বিরুদ্ধে মেসেঞ্জারে অশালীন হুমকি ও রাজনৈতিকভাবে ব্ল্যাকমেইল করার অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে।