সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় আটক ৫৫, গ্রেপ্তার ৫ পাচারকারী

কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ৫৫ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কোস্ট গার্ডের গণমাধ্যম শাখার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় নারী ও শিশুসহ বিপুল সংখ্যক মানুষ সাগরপথে মালয়েশিয়া পাচারের অপেক্ষায় রয়েছে। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ডের তিনটি দল যৌথ অভিযান শুরু করে।

অভিযান চলাকালে সাগরে একটি সন্দেহজনক ট্রলারকে থামার সংকেত দেয় কোস্ট গার্ড। কিন্তু সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে ট্রলারটি। পরে ধাওয়া করে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন এলাকা থেকে ট্রলারটি আটক করা হয়।

ট্রলারে তল্লাশি চালিয়ে পাচার হওয়া ৫৫ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ সময় পাঁচজনকে মানবপাচারকারী সন্দেহে আটক করা হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছেন, কয়েকটি সংঘবদ্ধ চক্র উন্নত জীবনের স্বপ্ন, বেশি বেতনে চাকরি ও অল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল। আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।