ঢাবির  অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদের মারা গেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদ আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি ৬৬ বছর বয়সে পরলোক গমন করেছেন।

ড. মজিব উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবাণীতে তিনি বলেন, “ড. মজিব উদ্দিন আহমেদ ছিলেন একজন সৎ, বিনয়ী ও সজ্জন ব্যক্তি। তিনি নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক হিসেবে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন এবং স্মরণীয় হয়ে থাকবেন।” উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ আগামী ২৬ মার্চ দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণে আনা হবে। একই দিনে বাদ জোহর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিয়া’-য়। এরপর তাকে রায়েরবাজার কবরস্থানে পিতামাতার কবরের পাশে দাফন করা হবে।

ড. মজিব উদ্দিন আহমেদ ১৯৬০ সালের ১ মার্চ পিরোজপুরের ভান্ডারিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৩ সাল থেকে তিনি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, এলিজাবেথ সিটি স্টেট ইউনিভার্সিটি, লেবাননের বালামান্ড বিশ্ববিদ্যালয় এবং ফিজির ইউনিভার্সিটি অফ সাউথ প্যাসিফিকসহ বিভিন্ন খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত ছিলেন।

ড. মজিব উদ্দিন আহমেদ স্ত্রী, তিন কন্যা, আত্মীয়স্বজন, শিক্ষার্থী এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাজগতে শোকের ছায়া নেমে এসেছে।