জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করতে চায় কিছু অসাধু ব্যবসায়ী: মুক্তিযুদ্ধ মন্ত্রী

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী দাম বৃদ্ধি ও কৃত্রিম সংকট তৈরি করে নিজস্ব স্বার্থ হাসিলের চেষ্টা করছে।

গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি আশ্বস্ত করেন যে, যারা যানবাহন চালাচ্ছেন তাদের তেলের অভাবে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করতে পারে, তবে সরকার যথাযথভাবে তা প্রতিরোধ করবে।

এছাড়া, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড সম্পর্কেও মন্ত্রী জানান, সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তারা নিশ্চিত করবেন যে, সমস্ত হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে সম্পন্ন হবে।

শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজিব এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।