বিমানবন্দর এলাকায় অভিযান, ৩২৮ জন ভবঘুরে ও ভিক্ষুক আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কয়েক দিনে ৩২৮ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে পুলিশ। সোমবার একদিনেই আটক করা হয়েছে ৪০ জনকে।

বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, বিমানবন্দরের প্রবেশপথ এবং ভিআইপি সড়ক এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, বিমানবন্দর এলাকায় দীর্ঘদিন ধরে ভবঘুরে ও ভিক্ষুকদের উৎপাতের অভিযোগ রয়েছে। এতে দেশি-বিদেশি যাত্রীদের চলাচলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল।

তিনি বলেন, এ সমস্যা নিরসনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার বিমানবন্দর এলাকায় অভিযান চালানো হয়।

বিমানবন্দর থানার তথ্যের বরাত দিয়ে নিয়াজ মেহেদী জানান, সোমবার আটক ৪০ জনের মধ্যে ১৫ জন শিশু, দুজন নারী এবং ২৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন।

আটক শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টে পাঠানোর কার্যক্রম চলছে বলে জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এর আগে অভিযানে আটক ব্যক্তিদেরও বয়স অনুযায়ী মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিমানবন্দর এলাকায় যাত্রীদের চলাচল নির্বিঘ্ন রাখা এবং জনসাধারণের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।