জাপানের সঙ্গে শিল্পখাতে সহযোগিতা জোরদারে গুরুত্ব, শিল্পমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত করে শিল্পখাতে যৌথ উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচির এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর মতিঝিল এলাকায় শিল্পমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী এবং দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও শিল্পায়নের অগ্রযাত্রায় জাপানের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।

জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেন, বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ সুবিধা—যার মধ্যে ট্রিটমেন্ট, স্টোরেজ এবং ডিসপোজাল ফ্যাসিলিটি স্থাপনের প্রস্তাবকে স্বাগত জানান। এ বিষয়ে শিগগিরই সম্ভাব্যতা যাচাই শেষে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় শিল্পমন্ত্রী শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের সঙ্গে জাপানের শিল্পপ্রতিষ্ঠান মিতসুবিশি ও টয়োটার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে দেশে মোটরগাড়ি উৎপাদনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান, যুগ্ম সচিব সাহেলা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া ঢাকাস্থ জাপানি দূতাবাসের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারাও অংশ নেন।