সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে মার্কেট-শপিংমল

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে দেওয়া সাময়িক সময়সীমা শেষ হওয়ায় সোমবার (১ জুন) থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে আগে থেকেই শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার কথা বিবেচনা করে সাময়িকভাবে ওই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

ঈদ উপলক্ষে দেওয়া সেই বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে পূর্বের সিদ্ধান্ত পুনরায় কার্যকর করা হয়েছে। ফলে এখন থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম শেষ করতে হবে।

একই সঙ্গে বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও একই সময়সীমা অনুসরণ করতে হবে।

নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।