বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম পুনরায় চালু করছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে দীর্ঘ বিরতির পর আবারও নির্ধারিত ক্যাটাগরিতে অভিবাসী ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ শুরু হবে।

রোববার (৩১ মে) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ জুন ২০২৬ থেকে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে সব ধরনের অভিবাসী ভিসা আবেদন গ্রহণ এবং প্রক্রিয়াকরণ কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভিবাসী ভিসার আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

দূতাবাস সূত্রে জানা যায়, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী, বাগদত্তা বা বাগদত্তা, দত্তক নেওয়া সন্তান, যুক্তরাষ্ট্রের নাগরিক কিংবা বৈধ স্থায়ী বাসিন্দার নির্দিষ্ট পরিবারের সদস্য এবং কর্মসংস্থানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগপ্রাপ্ত ব্যক্তিরা এ ধরনের ভিসার আওতায় আবেদন করতে পারবেন।

এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র সরকার। সে সময় অভিবাসন নীতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছিল, যেসব দেশের অভিবাসীরা তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন এবং যার ব্যয় দেশটির করদাতাদের বহন করতে হয়, সেসব দেশের নাগরিকদের ক্ষেত্রে ভিসা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সর্বশেষ ঘোষণার মাধ্যমে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করায় বাংলাদেশি আবেদনকারীদের জন্য আবারও অভিবাসী ভিসা পাওয়ার পথ উন্মুক্ত হলো। ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদনকারীরা এখন থেকে অভিবাসী ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং দ্রুত সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তির সুবিধা পাবেন।