অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বৃদ্ধি, অপরিবর্তিত ডিজেল

দেশে জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন ঘোষণায় অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে ডিজেলের মূল্য আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।

এ বিষয়ে রোববার (৩১ মে) রাতে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় বাজারে নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকাই বহাল থাকছে। অন্যদিকে প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার প্রেক্ষাপটে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসে জ্বালানির দাম সমন্বয় করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জুন মাসের জন্য নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম রোববার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হয়েছে। অর্থাৎ সোমবার (১ জুন) থেকে সারাদেশে সংশোধিত মূল্যহার অনুযায়ী জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে পরিবহন খাতসহ বিভিন্ন খাতে এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। তবে ডিজেলের মূল্য অপরিবর্তিত থাকায় পণ্য পরিবহন ও কৃষি খাতে তাৎক্ষণিক বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তুলনামূলক কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।