শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দেন দীপেন দেওয়ান। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং দায়িত্ব যথাযথভাবে পালন করতে তার সমস্যা হচ্ছিল। তাই সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডের গতিশীলতা বজায় রাখার স্বার্থে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তবে তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বর্তমানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
৬৩ বছর বয়সী দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।
রাজনৈতিক অঙ্গনে তার এই আকস্মিক পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হলেও সরকারি সূত্রগুলো বলছে, পদত্যাগের মূল কারণ শারীরিক অসুস্থতা।
