দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, দেশের দুগ্ধ খাতকে আরও শক্তিশালী করে ভবিষ্যতে দুগ্ধজাত পণ্য রপ্তানির সক্ষমতা অর্জনের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

সোমবার (১ জুন) বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের বিশ্ব দুগ্ধ দিবসের প্রতিপাদ্য ছিল ‘দুগ্ধ উৎপাদনে নারী খামারী: উন্নয়নের অগ্রযাত্রা’।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নারী উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন বৃদ্ধি পেলে জাতীয় অর্থনীতিও আরও শক্তিশালী হবে। তিনি বলেন, দুগ্ধ খামারসহ বিভিন্ন উৎপাদনমুখী খাতে নারীদের সক্রিয় সম্পৃক্ততা বর্তমান সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

দুগ্ধ খাতে নারীদের অবদানকে প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, নারী খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের জন্য প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও সরকারি সহযোগিতা আরও বাড়াতে হবে। একই সঙ্গে খামারিদের প্রয়োজন অনুযায়ী সহায়তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। প্রতিমন্ত্রীর ভাষ্য, একজন উদ্যোক্তার সাফল্য দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয় ধারণ করে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশকে আরও সমৃদ্ধ ও উন্নত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান। স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক ডা. বেগম শামছুননাহার আহম্মদ।

এর আগে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে এতিম শিক্ষার্থীদের মাঝে দুধ বিতরণ করেন প্রতিমন্ত্রী। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি অধিদপ্তর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে খামারবাড়ি মোড় ঘুরে কেআইবি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এছাড়া ভেটেরিনারি ডক্টরস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে প্রাণিসম্পদ ভবনের সামনে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে দুধ বিতরণ করেন তিনি। এ সময় ভ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আব্দুর রহিম ও মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

পরে দুপুরে প্রতিমন্ত্রী বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কারওয়ান বাজারের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, কর্পোরেশনের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। সবাই আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে জনগণের প্রত্যাশা পূরণ এবং সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।