১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৫৫ টাকা

ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) জুন মাসের জন্য নতুন মূল্যহার ঘোষণা করে বিইআরসি। ঘোষিত মূল্য একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসির তথ্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের এলপিজির দাম প্রতি কেজি ১৫৭ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৫ টাকা। এর আগে মে মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা এবং সে সময় মূল্য অপরিবর্তিত রাখা হয়েছিল।

শুধু এলপিজিই নয়, কমানো হয়েছে অটোগ্যাসের দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের মূল্য লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতি লিটারে দাম কমেছে ২ টাকা ৫৭ পয়সা।

মূল্য সমন্বয়ের বিষয়ে কমিশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের কনট্রাক্ট প্রাইস (সিপি), আমদানি ব্যয়, জাহাজভাড়া, ট্রেডার প্রিমিয়াম এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে জুন মাসের দাম নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির তথ্যমতে, চলতি মাসে প্রোপেনের কনট্রাক্ট প্রাইস প্রতি মেট্রিক টন ৭৬০ ডলার এবং বিউটেনের ৮২০ ডলার নির্ধারিত হয়েছে। এর ফলে গড় কনট্রাক্ট প্রাইস দাঁড়িয়েছে ৭৯৯ ডলার প্রতি মেট্রিক টন।

গত কয়েক মাসে এলপিজির দামে বড় ধরনের ওঠানামা দেখা গেছে। গত ২ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৭ টাকা করা হয়। এরপর ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বৃদ্ধি পেয়ে দাম দাঁড়ায় ১ হাজার ৯৪০ টাকায়। অর্থাৎ মাত্র ১৭ দিনের ব্যবধানে দুই দফায় মোট ৫৯৯ টাকা বেড়েছিল এলপিজির দাম। মে মাসে মূল্য অপরিবর্তিত থাকলেও জুনে এসে কিছুটা স্বস্তি পেলেন ভোক্তারা।

অন্যদিকে সরকারি খাতের এলপিজির মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। সরকারি খাতের ১২ দশমিক ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা বহাল থাকবে বলে জানিয়েছে কমিশন।

বিইআরসি সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত মূল্যের বেশি দামে কোনো পর্যায়ে এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।