বাংলাদেশে স্পেনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান স্পিকারের

বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে এগিয়ে আসার জন্য স্পেন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২ জুন) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশের নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশ ও স্পেনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্ক বিদ্যমান। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রও ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য এবং এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার সুযোগ রয়েছে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্পেন বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি ও উৎপাদন খাতে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

আলোচনায় স্পিকার বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, দেশের ইতিহাসে সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশে সম্পন্ন হয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দলের উপস্থিতি নির্বাচনকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করেছে।

সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধি, তৈরি পোশাক খাতে সহযোগিতা, এলএনজি আমদানি এবং বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন।

এ সময় স্পিকার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রার্থিতার বিষয়ে স্পেন সরকারের সমর্থন কামনা করেন।

অপরদিকে রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ-স্পেন সম্পর্ক আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।