কয়েক দিনের তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর রাজধানীতে স্বস্তি এনে দিয়েছে বৃষ্টি। শুক্রবার বিকালে টানা কয়েক ঘণ্টার বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় জলজট তৈরি হলেও কমেছে ভ্যাপসা গরমের তীব্রতা। আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বাড়তে শুরু করেছে এবং সামনে বর্ষার বৃষ্টি আরও বিস্তৃত হবে।
সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার বিকাল ৩টার দিকে শুরু হওয়া বৃষ্টি টানা প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। এ সময় রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় সড়কে পানি জমে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয়।
প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনের সড়ক, জাহাঙ্গীর গেইট এলাকা এবং রাজধানীর আরও কয়েকটি নিম্নাঞ্চলে জলজটের সৃষ্টি হয়। অফিস ছুটির সময়ের সঙ্গে বৃষ্টি মিলে যাওয়ায় অনেক যাত্রীকে ভোগান্তিতেও পড়তে হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই তিন ঘণ্টায় ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের প্রায় সব অঞ্চলে সক্রিয় রয়েছে। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। জ্যৈষ্ঠ মাস শেষ হওয়ার আগেই প্রকৃতিতে বর্ষার আবহ স্পষ্ট হয়ে উঠেছে।
যদিও বাংলা পঞ্জিকা অনুযায়ী আষাঢ় শুরু হতে এখনও দুদিন বাকি, তবু মৌসুমী বায়ুর বিস্তারের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত বৃষ্টিপাত শুরু হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বর্তমানে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেলেও এখনো ভারি বর্ষণ শুরু হয়নি। তবে ধীরে ধীরে বর্ষার বৃষ্টির পরিমাণ বাড়বে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে।
শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে দেশের কয়েকটি অঞ্চলে মাঝারি মাত্রার ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
