ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিল, বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ব্যাংক পরিচালনা

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকগুলোর অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে চেয়ারম্যান খুরশীদ আলমসহ পর্ষদের সব পরিচালকের নিয়োগও বাতিল করা হয়েছে। ব্যাংকটির সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব অস্থায়ীভাবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে দেওয়া হয়েছে।

রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকটির কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখা এবং বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারার আওতায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ করে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। একই আইনের ৪৭(৩) ধারা অনুযায়ী ব্যাংকের পরিচালনা পর্ষদের সব ধরনের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।

এর আগে বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান উপস্থিত ছিলেন। এতে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন, দুই অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ছয় উপ-ব্যবস্থাপনা পরিচালক অংশ নেন।

বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের সিদ্ধান্তের ঘোষণা আসে, যা দেশের ব্যাংকিং খাতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।