বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯ থেকে ২০২১-২২) অনাদায়ী আয়কর বাবদ ২৯ কোটি ১৫ লাখ টাকা সরকারকে এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুন মাসে এ অর্থ পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানটির সব আয়কর বকেয়া নিষ্পত্তি হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান ব্যবস্থাপনা দায়িত্ব গ্রহণের পর আর্থিক কার্যক্রম পর্যালোচনা করে দীর্ঘদিনের এ বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হয়। তাদের মতে, এ পদক্ষেপ প্রতিষ্ঠানে আর্থিক শৃঙ্খলা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান বলেন, অতীতের আর্থিক দায় পরিশোধের মাধ্যমে একটি স্বচ্ছ, টেকসই ও সুশাসনভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে বিএসসিএলকে গড়ে তোলাই তাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বিএসসিএল ২০২৪-২৫ অর্থবছরে প্রথমবারের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ সময়ে প্রতিষ্ঠানটির মোট আয় হয়েছে ২৪৫ কোটি ১৩ লাখ টাকা এবং নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৮ কোটি ৩৫ লাখ টাকা।
