মালয়েশিয়ার সাবাহে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ২০২৬-এর বৈশ্বিক পর্বে সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস)-এর নেতৃত্বে অংশ নেওয়া বাংলাদেশ দল বিশ্বের ২০টি দেশের দুই হাজার ৭০০টি উদ্ভাবনী প্রকল্প ও ধারণার মধ্যে সেরা উদ্ভাবনের স্বীকৃতি লাভ করে।
মালয়েশিয়া ইয়াং সায়েন্টিস্ট অর্গানাইজেশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ‘বাইসিস ইনোভেশন স্পার্ক ২.০’-এর প্রতিনিধিত্ব করে বাংলাদেশের আটটি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ‘ডেল্টা কগনিশন’ দলের ‘এগ্রোবট’ প্রকল্পটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তি বিভাগে স্বর্ণপদক অর্জনের পাশাপাশি প্রতিযোগিতার সেরা উদ্ভাবনী প্রকল্প হিসেবে নির্বাচিত হয়।
বিজয়ী দলের সদস্যরা হলেন মো. আখতারুজ্জামান ফাহাদ, ইমতিয়াজ হোসেন আকিব, তাকি তাহমিদ সামি এবং ইফতেখার আল আমিন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহর উপ-উপাচার্য অধ্যাপক ড. রোজালাম সারবাতলি, মালয়েশিয়া ইয়াং সায়েন্টিস্ট অর্গানাইজেশনের সভাপতি ড. রাজমি বিন আব্দুল রাজ্জাক, ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহর অধ্যাপক ড. মাদইয়া সুন সিং এবং বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটির সভাপতি মোসাদ্দেক হোসেন উপস্থিত ছিলেন।
বাংলাদেশি উদ্ভাবকদের এ সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের উদ্ভাবনী সক্ষমতা ও তরুণ গবেষকদের সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে।
