- নিজস্ব প্রতিবেদক
তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে দেশের সব জেলায় দুই মাসব্যাপী বিনামূল্যের প্রশিক্ষণ কর্মসূচি চালু করছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রশিক্ষণে অংশ নিতে কোনো ফি দিতে হবে না। বরং প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের প্রতিদিন যাতায়াত ও খাবার বাবদ ২০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এই কর্মসূচিতে অংশ নিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী-পুরুষ আবেদন করতে পারবেন। সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষণে আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস হতে হবে। একই সঙ্গে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির প্রাথমিক জ্ঞান থাকা বাধ্যতামূলক। তবে তথ্যপ্রযুক্তির মৌলিক জ্ঞানের পাশাপাশি মৌখিক ও লিখিত ইংরেজিতে দক্ষ প্রার্থীদের চূড়ান্ত বাছাইয়ে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রশিক্ষণ কার্যক্রমটি দেশের আটটি বিভাগকে চারটি সমন্বিত প্যাকেজে ভাগ করে একযোগে পরিচালনা করা হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের এআই বিষয়ে প্রাথমিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়ার পাশাপাশি প্রযুক্তিনির্ভর দক্ষতা তৈরির সুযোগ সৃষ্টি হবে।
আবেদনের শেষ সময় ২৩ সেপ্টেম্বর
আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর। পরদিন ২৭ সেপ্টেম্বর নেওয়া হবে মৌখিক পরীক্ষা।
লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার কেন্দ্রের তথ্য প্রার্থীদের মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। এরপর নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে ১ অক্টোবর থেকে শুরু হবে দুই মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম। এই প্রশিক্ষণ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
যুব উন্নয়ন অধিদপ্তরের এই উদ্যোগের মাধ্যমে তরুণদের এআই ও তথ্যপ্রযুক্তির মৌলিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের জন্য তাদের প্রস্তুত করার সুযোগ তৈরি হবে।
