বরিশালে ছাত্রলীগের ব্যানারে মিছিল, আটক ৭

  • নিজস্ব প্রতিবেদক

বরিশাল নগরীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে বিষয়টি।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা যায়, ‘দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন’ লেখা ব্যানার নিয়ে কয়েকজন যুবক সড়কে মিছিল করেন। এ সময় তাদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়। মিছিলে ‘হৈ হৈ রৈ রৈ, বিএনপিরা গেলি কই’ এবং ‘ঘরে ঘরে বলে দে, শেখ হাসিনা আসতেছে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

ভিডিওতে মিছিলকারীদের কয়েকজনকে মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা অবস্থায় দেখা গেছে। তারা দলবদ্ধভাবে সড়কে অবস্থান নিয়ে কিছুক্ষণ স্লোগান দেওয়ার পর সেখান থেকে সরে যান।

মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পাঁচজনকে আটক করা হয়। পরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।

মিছিলে ব্যবহৃত ব্যানারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের ছবি দেখা গেছে।

পুলিশের ভাষ্য, মিছিলটি বরিশাল সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের নির্দেশনায় আয়োজন করা হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বরিশাল মহানগরীর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়েছে। তাদের মিছিলের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধঘোষিত সংগঠনের কোনো ধরনের কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন কর্মসূচির বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।