উখিয়া সীমান্তে ১ লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারিরা

  • উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পাচারের সময় পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িত দুই চোরাকারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার চালান ফেলে পালিয়ে যায়।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তের ‘রিজভীর ঘের’ এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছিল পালংখালী বিওপির একটি টহল দল। এ সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ‘রিজভীর ঘের’ এলাকা দিয়ে দুই ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা দুটি পলিব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিব্যাগের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে বায়ুরোধীভাবে মোড়ানো ১০টি কাটে রাখা ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তবে অভিযান চলাকালে চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।