- নিজস্ব প্রতিবেদক
নিরাপত্তা প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, অগ্নিনিরাপত্তা ও কর্মক্ষেত্রের সুরক্ষা নিয়ে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী। আগামী ১৭ সেপ্টেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হবে ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো-২০২৬’ এবং ‘অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো-২০২৬’। প্রদর্শনী চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও আই-স্টেশন লিমিটেড যৌথভাবে দ্বিতীয়বারের মতো এ দুটি প্রদর্শনীর আয়োজন করছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের আয়োজনে ১০টি দেশের প্রায় ১৫০টি ব্র্যান্ড অংশ নেবে। এতে প্রায় পাঁচ হাজার ট্রেড ভিজিটর অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকেরা।
‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো-২০২৬’-এ আধুনিক নিরাপত্তা প্রযুক্তির বিভিন্ন পণ্য ও সমাধান প্রদর্শন করা হবে। এর মধ্যে থাকবে নজরদারি ও মনিটরিং ব্যবস্থা, সাইবার নিরাপত্তা প্রযুক্তি, অ্যাকসেস কন্ট্রোল, বায়োমেট্রিক প্রযুক্তি, নিরাপত্তা সফটওয়্যার, নেটওয়ার্কিং সরঞ্জাম এবং ডিজিটাল ভল্টসহ বিভিন্ন প্রযুক্তি।
অন্যদিকে ‘অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো-২০২৬’-এ কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন প্রযুক্তি তুলে ধরা হবে। এখানে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), শিল্পনিরাপত্তা ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম, জরুরি পরিস্থিতি মোকাবিলা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং কর্মক্ষেত্রের স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন সমাধান প্রদর্শিত হবে।
বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতির পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। এ কারণে ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ে আধুনিক ও কার্যকর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা জরুরি। প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দর্শনার্থীরা নতুন প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন।
আই-স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মধু সুদন সাহা বলেন, প্রদর্শনীতে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাপনার সর্বশেষ প্রযুক্তি ও পণ্য তুলে ধরা হবে। শিল্প ও কর্মক্ষেত্রে নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি ও সমাধান বেছে নেওয়ার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকেরা জানান, প্রদর্শনীর পাশাপাশি নিরাপত্তা, কর্মক্ষেত্রের সুরক্ষা, প্রযুক্তির ব্যবহার এবং শিল্পখাতের ভবিষ্যৎ নিয়ে দুটি সেমিনারের আয়োজন করা হবে। এসব সেমিনারে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও অংশীজনেরা বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
প্রদর্শনীতে দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে এবং এতে অংশ নিতে কোনো ফি লাগবে না। তবে আগ্রহী দর্শনার্থীদের আগে অনলাইনে নিবন্ধন করতে হবে।
