বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর ২০২৬-২০২৮ মেয়াদের ১২ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়েছে এবং নির্বাচনী তফসিলও ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৯ সেপ্টেম্বর। প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ থাকবে ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র ২৪ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।
নির্ধারিত দিনে ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফলও প্রকাশ করা হবে।
নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন নেক্সট অনলাইন লিমিটেডের পরিচালক (অপারেশন) হাবিবুল হক এবং টেক পয়েন্ট বিপিওর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল ইসলাম।
অন্যদিকে নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে ভেলোসিটা ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান মনিরুল ইসলামকে। এর সদস্য হিসেবে রয়েছেন এমরাজিনা টেকনোলোজিসের প্রোপ্রাইটর এমরাজিনা ইসলাম এবং এম/এস ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্টের ম্যানেজিং পার্টনার ফয়সাল আহমেদ।
বাক্কো জানিয়েছে, নির্বাচনের ভোটার তালিকায় সদস্য প্রতিষ্ঠানগুলোর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বার্ষিক বকেয়া চাঁদা পরিশোধ করতে হবে। একই সঙ্গে হালনাগাদ প্রয়োজনীয় নথিপত্র দ্রুত নির্বাচন সচিবালয়ে জমা দেওয়ার জন্য সদস্য প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ রাখতে নির্বাচন বোর্ড এবং আপিল বোর্ড প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাক্কোর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনটির নেতৃত্বে নতুন কমিটি দায়িত্ব নেবে।
