- নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবী ও রূপনগরের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে নতুন পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বৃহত্তর মিরপুরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লবীতে একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ ‘সি’ ব্লকে গভীর নলকূপ ও সড়ক (মিনি রোড) নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
আমিনুল হক বলেন, পল্লবী ও রূপনগরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট এলাকায় পর্যায়ক্রমে নতুন পানির পাম্প স্থাপন করা হবে। বাউনিয়াবাঁধের ‘সি’ ব্লকের পাশাপাশি ২ ও ৩ নম্বর ওয়ার্ডসহ যেসব এলাকায় পানির সংকট রয়েছে, সেসব স্থানেও প্রয়োজন অনুযায়ী পাম্প বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে কয়েকটি পাম্পের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে এবং কিছু পাম্পের নির্মাণকাজও শুরু হয়েছে। এ বিষয়ে ঢাকা ওয়াসা কাজ করছে।
আগামী পাঁচ বছরের মধ্যে পল্লবী ও বৃহত্তর মিরপুর এলাকার নাগরিক সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধানের প্রত্যয় ব্যক্ত করে আমিনুল হক বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল নির্মাণ। হাসপাতালটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। স্বাস্থ্য ও ভূমি মন্ত্রণালয়ের সমন্বয়ে হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণের কাজ চলছে।
তিনি আরও বলেন, এলাকার সন্তান হিসেবে স্থানীয় মানুষের যেকোনো নাগরিক প্রয়োজনে তিনি পাশে থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাদশা মিয়া। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন গাজী।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনিসুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুবদল নেতা নূর সালাম ও স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল করিম বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে নেওয়া এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
