আগস্টে বিজিবির অভিযানে ৩৪৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

  • নিজস্ব প্রতিবেদক 

দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত আগস্ট মাসে ৩৪৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনীটি।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসে জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৮ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ২১ হাজার ৬৪৬টি শাড়ি, ৩ হাজার ৯৬২টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৫ হাজার ১৫৪টি তৈরি পোশাক, ১ হাজার ৮৮৭ মিটার থান কাপড় এবং ৫ হাজার ৮৫১টি ইমিটেশন গহনা।

এ ছাড়া ৬ লাখ ৬ হাজার ২৪১টি কসমেটিকস সামগ্রী, ১০ লাখ ৪০ হাজার ১৯৬ পিস আতশবাজি, ৪ হাজার ৭১১ ঘনফুট কাঠ, ১ লাখ ৪ হাজার ৪৯৪ কেজি কয়লা, ৬১০ ঘনফুট পাথর, ৮ হাজার ৬২৮ ঘনফুট বালু, ১৭ হাজার ১৩০ কেজি চা পাতা, ৮ হাজার ৭১৫ কেজি সুপারি এবং ৪১৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অভিযানে ৭ হাজার ৮৪৮ পিস মোবাইল ডিসপ্লে, ৩৪ হাজার ১১১ পিস মোবাইল যন্ত্রাংশ, ১৮ হাজার ৫০০ পিস জিলেট ব্লেড, ১১ হাজার ৭৫৮টি চশমা, বিপুল পরিমাণ চকলেট, বিভিন্ন ধরনের বীজ, জিরা, রসুন, এলাচ, চিনি ও সারও জব্দ করা হয়। পাশাপাশি ১ লাখ ৮০ হাজার পিস চিংড়ি মাছের পোনা, ১১ হাজার ৪৫১ কেজি কারেন্ট জাল, ৭৪৩ লিটার ভোজ্য ও জ্বালানি তেল এবং ৫৬০ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, এ সময় ৬ লাখ ৪ হাজার ৭৮৮ পিস বিভিন্ন ধরনের ওষুধ এবং ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষও জব্দ করা হয়েছে।

অভিযানে বিভিন্ন যানবাহনও জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১৪টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ১০টি পিকআপ, ৬টি প্রাইভেটকার, ৩টি ট্রলি, ৬১টি সিএনজি, ইজিবাইক, অটোরিকশা ও ঠেলাগাড়ি, ৯১টি মোটরসাইকেল, ৮৩টি বাইসাইকেল ও ভ্যান এবং ৯৭টি নৌযান।

বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার

চোরাচালানবিরোধী অভিযানের পাশাপাশি আগস্টে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে ৪৫ লাখ ৯৩ হাজার ৮৬৩ পিস ইয়াবা, ৪ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ১ হাজার ৩৭১ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৬৩৬ বোতল বিদেশি মদ, ৩৪৫ লিটার বাংলা মদ এবং ১ হাজার ৭৫৬ ক্যান বিয়ার।

এ ছাড়া ১ হাজার ৮৬৩ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ২ লাখ ২৮ হাজার ৩৯টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ২২ হাজার ৬টি বিভিন্ন ধরনের সিরাপ, ১০ হাজার ৬৪৩ পিস অন্যান্য ট্যাবলেট এবং ১ লাখ ২৬ হাজার ৬৬১ প্যাকেট বিড়ি ও সিগারেট জব্দ করা হয়েছে।

অভিযানে ১৪টি দেশি-বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ৭৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

আটক ৪৫১ জন

বিজিবির অভিযানে মাদক পাচার ও অন্যান্য চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২২০ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৩৭ জন বাংলাদেশি, ৬ জন ভারতীয় এবং ১৮৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।