ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা ইসির

  • নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও-১ আসন শূন্য হওয়ার পর উপনির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ভোট নেওয়া হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন এ তফসিল অনুমোদন করেছে।

ইসির তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ সেপ্টেম্বর।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করার সুযোগ থাকবে। এসব আপিল ৬ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ইসি সচিব জানান, ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তাকে এ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং আরও তিনজনকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ার পর সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন। গত ২০ আগস্ট জাতীয় সংসদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন এ আসনের তৎকালীন সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের দিন থেকে সংসদে তার আসন শূন্য হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে ২২ আগস্ট সংসদ সচিবালয় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে। সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদ অনুযায়ী, আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

এদিকে উপনির্বাচনের তফসিল ঘোষণার পর ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। গত ৩০ আগস্ট তার প্রার্থিতা ঘোষণা করা হয়। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি।

এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন দেলাওয়ার হোসেন। ওই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেন পান ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট।

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এখনো উপনির্বাচনের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন এবং বড় মেয়ে মির্জা শামারুহ মির্জা।

ফলে তফসিল ঘোষণার পর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ার পর নির্বাচনী মাঠের প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকেরা।