ঢাকা: মেধাবী প্রকৌশল গ্র্যাজুয়েটদের সরাসরি চাকরির সুযোগ করে দিতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মসূচিতে দুই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেন।
হুয়াওয়ে জানিয়েছে, ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির মাধ্যমে যোগ্য গ্র্যাজুয়েটদের প্রতিষ্ঠানে যুক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এমসিকিউভিত্তিক লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে বাছাই করা হবে।
কর্মসূচিতে হুয়াওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুয়েটে আয়োজিত অনুষ্ঠানে হুয়াওয়ের ডেলিভারি অ্যান্ড সার্ভিস বিভাগের ভাইস প্রেসিডেন্ট শিয়েরেন অংশ নেন। অন্যদিকে চুয়েটে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এইচআর ডেপুটি ডিরেক্টর মো. ফারা নেওয়াজ।
হুয়াওয়ে সাউথ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মাবেন বলেন, প্রতিষ্ঠানটি নিয়মিত স্থানীয় জনবল নিয়োগ দিয়ে থাকে, যার একটি বড় অংশই তরুণ গ্র্যাজুয়েট। ক্যাম্পাস রিক্রুটমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের কর্মপরিবেশে কাজ করার সুযোগ সৃষ্টি হচ্ছে এবং তারা বৈশ্বিক প্রযুক্তি খাতে নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাচ্ছেন।
হুয়াওয়ে আরও জানায়, বাংলাদেশে প্রতিষ্ঠানটির অধিকাংশ কর্মীই স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত। তারা শুধু দেশের কার্যক্রমেই নয়, হুয়াওয়ের আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন প্রকল্পেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
