ইডটকো বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ

ঢাকা: টেলিযোগাযোগ অবকাঠামো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ নিয়োগের মাধ্যমে স্থানীয় নেতৃত্বের বিকাশ, ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণ এবং বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণে তাদের অঙ্গীকার আরও শক্তিশালী হবে।

দুই দশকের বেশি সময় ধরে টেলিযোগাযোগ ও ডিজিটাল পরিষেবা খাতে কাজ করা আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ নতুন দায়িত্বে ইডটকো বাংলাদেশের টেলিযোগাযোগ অবকাঠামো সম্প্রসারণ, কৌশলগত পরিকল্পনা এবং উদ্ভাবনী উদ্যোগের নেতৃত্ব দেবেন।

ইডটকোতে যোগদানের আগে তিনি প্রায় ১৭ বছর এরিকসনের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি নেটওয়ার্ক রূপান্তর, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সর্বশেষ তিনি ইডটকো বাংলাদেশের ডিরেক্টর, স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক রূপান্তর এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি কৌশল বাস্তবায়নে নেতৃত্ব দেন।

নতুন দায়িত্বে আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ সদ্য বিদায়ী কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাকের স্থলাভিষিক্ত হয়েছেন। সুনীল আইজ্যাকের নেতৃত্বে ইডটকো বাংলাদেশ দেশের বিভিন্ন স্থানে টেলিযোগাযোগ অবকাঠামো সম্প্রসারণ করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রায় ১৭ হাজার টাওয়ারের মাধ্যমে ২৮ হাজারের বেশি টেন্যান্সিকে সেবা দিচ্ছে।

নবনিযুক্ত কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, “ইডটকো বাংলাদেশ ইতোমধ্যে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। এই ভিত্তির ওপর দাঁড়িয়ে দেশের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সংযোগ নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।”